বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা রায়ের বিষয়ে অবগত রয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা ও সর্বোত্তম স্বার্থের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতি রয়েছে।
১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও জানায়, ভারতের অবস্থান সবসময়ই বাংলাদেশের মানুষের কল্যাণকে ঘিরে। তারা বলেছে, “নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে ভারত সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।”
বাংলাদেশে চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে ভারতের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার (১৭ নভেম্বর) জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ ট্রাইব্যুনাল রায় প্রদান করেন।
আরও
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর আসামি ও পরে রাষ্ট্রপক্ষে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, আর আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।











