ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ পালনের সুযোগ করে দিচ্ছেন হাটখোলা গ্রামের প্রবাসী তরুণরা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাগরিব নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ হজের টিকিট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাসেম ভূইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক কেফায়েতুল ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে মাওলানা আকরাম জানান, বহুদিন ধরে ওমরাহ পালনের আকাঙ্ক্ষা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “যে সামান্য বেতন পাই তা দিয়ে পরিবারের প্রয়োজনই মেটে। গ্রামের প্রবাসীরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তাদের বেশিরভাগই আমার ছাত্র, তাদের জন্য দোয়া রইলো।”
অনুষ্ঠানের শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদে ওমরাহ পালন নিশ্চিত করতে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরও
উল্লেখ্য, গত ২৩ বছর ধরে মাওলানা আকরাম হোসাইন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। তার বাবা অতীতেও একই মসজিদের ইমাম ছিলেন। তিনি শুক্রবার (১৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে ওমরাহ যাত্রা করবেন।










