চলতি মাসের প্রথম ৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৩ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছর নভেম্বরের প্রথম ৮ দিনে এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার।
তিনি আরও জানান, শুধু ৬ থেকে ৮ নভেম্বরের মধ্যেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭০ শতাংশ বেশি।
আরও
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর গত আগস্ট ও জুলাই মাসে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।













