হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল ফোন চুরির সময় এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক আনসার সদস্যের নাম জেনারুল। তিনি কার্গো কমপ্লেক্সে নিরাপত্তা দায়িত্বে ছিলেন। বিকেলে দায়িত্ব শেষে বের হওয়ার সময় তার চলাফেরায় সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা সদস্যরা তাকে আটক করেন।
তল্লাশি চালিয়ে তার বুট জুতা, প্যান্ট এবং শার্টের ভেতর থেকে অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি চুরি করা এসব মোবাইল বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
আরও
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ঘটনাটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে আনসার সদস্যকে হেফাজতে নেওয়া হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করে।
বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আটক আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে।










