কুমিল্লার লালমাই উপজেলায় ফাহিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিজ শ্বশুরবাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা ওমান প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী।
খবর পেয়ে লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনাস্থলে পৌঁছে নারী পুলিশ সদস্যের সহায়তায় শয়নকক্ষের আড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফাহিমার মরদেহ উদ্ধার করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের পিতা আবু তাহের থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তিনি জানান, প্রায় ১৮ বছর আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন জহিরুল ইসলামের সঙ্গে। তাদের চার পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি ফাহিমা স্থানীয় একটি এনজিও থেকে অন্য এক নারীর জন্য ঋণ তুলতে সাহায্য করেছিলেন। কিন্তু ওই নারী কিস্তির টাকা পরিশোধ না করায় এনজিও কর্মকর্তারা ফাহিমার ওপর চাপ সৃষ্টি করেন। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।
আরও
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
স্থানীয়দের মতে, পারিবারিক দ্বন্দ্ব ও ঋণের চাপ থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।












