চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ রুহুল আমিন (৫৫) নামে এক পলাতক আসামিকে পাঁচ বছর পর দেশে ফেরার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ৫৭টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলাই চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে রুহুল আমিনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রুহুল আমিন পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাটে মাছের আড়তের ব্যবসা করতেন। তার বিরুদ্ধে দায়ের করা ৫৭টি মামলার মধ্যে ১০টিতে ইতিমধ্যে আদালত সাজা দিয়েছেন, বাকিগুলো এখনো বিচারাধীন।
আরও
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রুহুল আমিন সাজা ও গ্রেপ্তার এড়াতে প্রায় পাঁচ বছর আগে দুবাইয়ে পালিয়ে যান। সম্প্রতি তিনি গোপনে সিলেট হয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন, কিন্তু ইমিগ্রেশন পুলিশের নজর এড়াতে পারেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থেকে আটক করে। পরে সিলেট থেকে পটিয়ায় এনে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।












