সর্বশেষ

যে বার্তা পেয়ে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা

BnpProbashir city Popup 19 03

প্রবাসে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিএনপি নেতাকর্মীদের মধ্যে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে তারা নতুন উদ্দীপনা পেয়েছেন। প্রবাসী নেতারা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই উদ্যোগ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন গতি ও শক্তি যোগাবে।

রোববার (২ নভেম্বর) ইউএই সময় বিকেল ৪টায় ভার্চুয়াল মাধ্যমে প্রবাসে সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং অনলাইন ফি প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আমিরাতের দুটি পাঁচতারকা হোটেলে বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হন শতাধিক বিএনপি নেতা-কর্মী। তারা আশা প্রকাশ করেন, দলের এই নবায়ন কার্যক্রম ও নেতৃত্বের আহ্বান বিএনপিকে আরও গতিশীল ও সংগঠিত করে তুলবে। ইউএই বিএনপির আহ্বায়ক সদস্য মাহে আলম মাহী বলেন, “এই প্রথমবার প্রবাসে বিএনপির প্রতি আস্থা রাখা সব ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ দেয়ার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।” আরেক আহ্বায়ক সদস্য শাহেদ আহমেদ রাসেল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন এক রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে।”

একই দিন মালদ্বীপেও বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেন তারেক রহমান। রাজধানী মালেতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রবাসীদের জন্য ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোট প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে।

তবে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনের ঘোষণার পরও কার্যকর পদক্ষেপ না থাকায় প্রবাসী বিএনপি নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03