প্রবাসী সদস্যদের জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ প্রক্রিয়া আরও সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী নেতাকর্মীদের দলে সম্পৃক্ততা আরও সহজ হবে, যা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।”
বিএনপি নেতারা জানান, নতুন চালু হওয়া এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে প্রবাসীরা অনলাইনে সদস্যপদ নবায়ন বা নতুন সদস্য হিসেবে যুক্ত হতে পারবেন। লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে দলের কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত হবে, ফলে বিদেশে থাকা সংগঠনগুলোর সদস্য ব্যবস্থাপনা হবে আরও কার্যকর ও আধুনিক।
আরও
দলীয় সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসভিত্তিক সাংগঠনিক কাঠামোকে ডিজিটালভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। ওয়েবসাইটভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্য তথ্য যাচাই, নবায়ন এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ টুকু প্রমুখ।










