দক্ষ বিদেশি কর্মপ্রার্থীদের জন্য নতুন ধরনের ভিসা চালুর ঘোষণা দিয়েছে পর্তুগাল সরকার। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসা পূর্বের ‘ওয়ার্ক সিকিং ভিসা’-এর পরিবর্তে কার্যকর হবে। নতুন এই ভিসার লক্ষ্য হলো পর্তুগালের শ্রমবাজারে বিশেষ দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন বিদেশিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
দ্য পর্তুগাল নিউজ ও ইকোনমিক টাইমস জানিয়েছে, এই উদ্যোগ পর্তুগালে কাজের সুযোগ খুঁজছেন এমন বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ক্যাটাগরির সব ওয়ার্ক সিকিং ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
ফলে এখন থেকে পর্তুগালের কনস্যুলার অফিস, ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরনো ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন ও বিধিমালা চূড়ান্ত হওয়ার পর।
আরও
প্রতিবেদন অনুযায়ী, এই নীতিগত পরিবর্তনটি পর্তুগালের নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে, যা গত ২২ অক্টোবর সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে পর্তুগাল সরকার জানিয়েছে।
বর্তমানে সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা স্থগিত রেখেছে। নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসার আবেদন শুরুর তারিখ, যোগ্যতার মানদণ্ড এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।










