সিরাজগঞ্জের শাহজাদপুরে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম সিরাজুল ইসলাম মণ্ডল (২৯)। তিনি ওই গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে এবং দীর্ঘদিন মালয়েশিয়ায় বসবাস করেছেন। সম্প্রতি দেশে ফেরার পরই এই নৃশংস হত্যার শিকার হন তিনি।
আরও
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কেউ সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। ফোনও বন্ধ ছিল। বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজের সময় রাস্তার ওপর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, “পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।”











