বরিশালের গৌরনদীতে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক এনাম তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার শিকার নারী শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে ঘটেছে। অভিযোগ অনুযায়ী, দুই শিশু সন্তান নিয়ে আসবাবপত্র ক্রয়ের উদ্দেশ্যে মেলায় যাচ্ছিলেন ভুক্তভোগী নারী। পথে এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছলে তিনি ও তার সহযোগীরা তাকে বাধা দেন। অভিযোগে বলা হয়, তারা গৃহবধূকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা চালান এবং চিৎকার করলে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেন। আহত নারীকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন কাজের সুবাদে কাতারে থাকায়, এনাম তালুকদার দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। নারীর দাবি, প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা চালানো হয়েছে।
আরও
অভিযোগের প্রেক্ষিতে এনাম তালুকদার সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












