কক্সবাজারের মহেশখালীতে ধর্ম অবমাননার অভিযোগে উত্তম কুমার দে নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ অক্টোবর গভীর রাতে চিরুনি অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূ মন্তব্য করেন উত্তম কুমার দে ও অসীম দে নামে দুই হিন্দু যুবক।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন। পরবর্তীতে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লাহ দুই অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ধর্ম নিয়ে কটূক্তিকারীদের গ্রেপ্তারে প্রশাসন তৎপর রয়েছে। সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”
ইউএনও জানান, পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল এবং এখনো রয়েছে। নির্দেশনা পাওয়ার পরই পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে এবং উত্তম কুমার দেসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরও
এদিকে, ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ অভিযুক্তদের বিতর্কিত হিন্দু সংগঠন ইস্কনের সদস্য বলে অভিযোগ তুলেছেন এবং প্রশাসনকে উসকানিমূলক পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে উত্তম কুমার ও অসীম দে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। উত্তম তার এক পোস্টে লিখেছেন, “আমি কোনো ধর্মকে ছোট করে কিছু বলিনি। আমার মন্তব্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি দুঃখিত এবং ক্ষমা চাই।”
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, উত্তম কুমার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। তিনি বলেন, “ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ করলে কেউ ছাড় পাবে না।”











