সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। রোববার (১৯ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, সুমন ২০০৯ সাল থেকে তার দুলাভাই নোমান উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছিলেন। ২০২৩ সালে বিয়ে করার পরও তিনি স্ত্রীসহ একই বাড়িতে থাকতেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে নোমান উদ্দিন প্রেরিত অর্থের হিসাব চাইলে সুমন তা দিতে না পারায় তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করলেও সমাধান হয়নি। পরবর্তীতে বাড়ি-জমি নিয়ে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হলে দুই পরিবারের সম্পর্ক আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত সেই বিরোধ থেকেই নৃশংস হত্যার পরিকল্পনা করেন সুমন।
আরও
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, সুমন কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নোমান উদ্দিনকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে ধানক্ষেতে ফেলে রাখেন। প্রথমে তিনি জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে হত্যার কথা স্বীকার করেন এবং তার সহযোগীদের নামও প্রকাশ করেন।
তদন্ত কর্মকর্তা এসআই মোমেন জানান, “রিমান্ডে সুমন হত্যার দায় স্বীকার করেছেন এবং পলাতক সহযোগীদের নাম জানিয়েছে। মামলার স্বার্থে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।” এদিকে এলাকায় এই হত্যাকাণ্ডে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা দ্রুত বিচার এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।











