ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজের ফ্লাইট সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইটের এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে একাধিক এয়ারলাইন্স অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে, যাতে শিডিউল দ্রুত স্বাভাবিক করা যায়।
এ অবস্থায় এসব অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাম্মত শাকিলা পারভীনের স্বাক্ষরিত এক চিঠিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এই নির্দেশনা দেওয়া হয়।

আরও
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুন লাগার পর ফ্লাইট সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটে। এর প্রেক্ষিতে বিভিন্ন বিমান সংস্থা জরুরি ভিত্তিতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। তাই ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এসব অতিরিক্ত ফ্লাইটের জন্য আরোপযোগ্য চার্জ মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা কয়েক ঘণ্টা কাজ করে। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।


ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, আমদানি পণ্য রাখার ওই ভবনের অধিকাংশ মালামালই আগুনে পুড়ে গেছে। ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।











