চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবেশীর কোলে তুলে দেওয়া পাঁচ মাসের শিশুকে অপহরণ ও বিক্রির ঘটনায় ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত পালিয়ে গেলেও শিশুটিকে কেনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ছনুয়া ইউনিয়নের আলজ্জানি বড়বাড়ি এলাকায়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ বুধবার সংবাদমাধ্যমকে জানান, অপহৃত শিশুটির নাম আদিয়াত। তার বাবা মনজুর আলম বাড়ির উঠানে ছেলেকে নিয়ে বসে ছিলেন। এ সময় প্রতিবেশী গুরা মিয়ার ছেলে মো. রিদুয়ান (৩২) শিশুটিকে কোলে নিতে চাইলে মনজুর সরল বিশ্বাসে তাকে কোলে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিদুয়ান শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান।
পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। পরে আদিয়াতের মা বাঁশখালী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রাত ১টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা আনজুকে গ্রেপ্তার করা হয়।
আরও
পুলিশ জানায়, রোবাইদা স্বীকার করেছেন যে তিনি তার আত্মীয় আলমগীরের মাধ্যমে রিদুয়ানের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে কিনেছিলেন। তবে শিশুটির মূল অপহরণকারী রিদুয়ান এবং সহযোগী আলমগীর এখনও পলাতক।
এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন, গ্রেপ্তার রোবাইদাকে অপহরণ মামলায় আসামি করা হয়েছে। পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












