আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর কর আরোপ এবং লোকসানে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের ন্যূনতম কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ৪৭০ কোটি ডলার ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে সংস্থাটির পক্ষ থেকে এমন শর্ত দেওয়া হলো।
এই প্রস্তাব এমন সময়ে এলো, যখন ডলার সংকট কাটাতে সরকার রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। সংশ্লিষ্টরা আইএমএফের এই পরামর্শকে ‘আত্মঘাতী’ বলে মনে করছেন। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই প্রস্তাব গ্রহণ করার কোনো ইচ্ছা তাদের নেই।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের রিজার্ভ ও ব্যালান্স অব পেমেন্টে সমস্যা থাকায় এখন এটি সম্ভব নয় এবং আইএমএফ চাইলেও সরকার রাজি হবে না।
আরও
ব্যবসায়ীরা বলছেন, লোকসানি প্রতিষ্ঠানের ওপর করের বোঝা বাড়লে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, যা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সংকট তৈরি করবে।












