নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। বুধবার (১ অক্টোবর) ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। নিখোঁজ গৃহবধূ সুমাইয়া আক্তার স্থানীয় প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়াদ চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। গৃহবধূর পরিবার জানায়, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন এবং বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছে না।
প্রবাসীর বাবা আবুল খায়ের অভিযোগ করেন, তার পুত্রবধূ স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে। তিনি দাবি করেন, রিয়াদ ছাত্রদল করার কারণে এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না। এখন পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে রয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ছাত্রদল নেতা অভিযোগ করেন, রিয়াদ প্রায়ই এলাকার মেয়েদের উত্যক্ত করত, তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ কিছু বলত না।
আরও
চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ নিয়মিত ছাত্রদলের রাজনীতি করে এবং বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করে। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা বিব্রত ও লজ্জিত হয়েছেন।
অভিযুক্ত রিয়াদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










