ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৯২৫টি কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল এলাকা থেকে এসব কচ্ছপ জব্দ করা হয়।
সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালয়েশিয়াগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়ার লাগেজ স্ক্যান করার সময় কচ্ছপসদৃশ বস্তু শনাক্ত হয়। বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তারা তাকে ডাকলেও তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় সন্দেহ সৃষ্টি হলে বিমানবন্দর কর্তৃপক্ষ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে খবর দেয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, যৌথ তদন্তে একটি সবুজ লাগেজ থেকে ১৪৫টি স্টার টরটয়েজ (Star Tortoise) এবং একটি নীল লাগেজ থেকে ৭৮০টি কড়িকাইট্টা (Indian Roofed Turtle) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মোট ওজন ৫৮ কেজি।
আরও
উদ্ধারকৃত কচ্ছপগুলো বর্তমানে বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং পাচারকারী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
বন অধিদপ্তরের কর্মকর্তা ও বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, দেশে আগে নদী, খাল, বিল ও হাওরে প্রচুর কচ্ছপ পাওয়া যেত, তবে বসতি প্রসার ও ক্রমাগত শিকারের কারণে এ জলজ প্রাণীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। কচ্ছপ সংরক্ষিত প্রাণী হিসেবে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর আওতায় শিকার, হত্যা বা ক্ষতিসাধন করা শাস্তিযোগ্য অপরাধ।











