প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবার প্রথমবারের মতো প্রবাসীরা আধুনিক প্রযুক্তির সহায়তায় বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি একে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য দেন।
সিইসি জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগ সহজ ও কার্যকর করতে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এ অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা আউট অফ কান্ট্রি ভোটিং-এ রেজিস্ট্রেশন করতে পারবেন। এর মাধ্যমে ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা ভিডিও আকারে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, রেজিস্ট্রেশনের সময় প্রবাসী ভোটারদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের তথ্য ও প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে ভোটারদের প্রবাসের ঠিকানায় ব্যালট পেপার এবং ফেরত খাম পাঠিয়ে দেওয়া হবে। ভোট প্রদান শেষে প্রবাসীরা শুধু খামটি ডাকযোগে পাঠালেই তা নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে।
আরও
সিইসি আশা প্রকাশ করেন, দেশের সব প্রবাসী এই সুযোগ কাজে লাগাবেন। তিনি বলেন, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে, দূতাবাসগুলোতে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এবং সরকারি গণমাধ্যমের মাধ্যমে পাওয়া যাবে।
তিনি এটিকে প্রবাসী ভোটের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন, প্রতিটি বাংলাদেশির কণ্ঠস্বর নির্বাচনে প্রতিফলিত হবে। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রবাসীদের ভোটদান ব্যবস্থা আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।











