জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। রোববার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এর অংশ হিসেবে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন বা আগাম ভোট চালুর দাবি ওঠে।
সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। এতে জাতিসংঘ অধিবেশনে যোগদানকারী বাংলাদেশের সরকারি প্রতিনিধিদল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসীদের অবদানকে বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন।
আলোচকরা বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করছেন না, বরং বিদেশে থেকে বাংলাদেশের দূতের ভূমিকা পালন করছেন। তারা আমেরিকায় বাংলাদেশি ব্যবসা সম্প্রসারণ, নতুন বিমান সেবা চালু এবং সিলেট অঞ্চলের সড়ক অবকাঠামো দ্রুত উন্নয়নের তাগিদ দেন। বক্তারা একমত হন যে প্রবাসীদের রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রধান অবলম্বন।
আরও
আগামী নির্বাচন প্রসঙ্গে বক্তারা টেকসই ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করা হলেও, তারা বলেন যে পোস্টাল ব্যালট কার্যকর নয়। এ ক্ষেত্রে অনলাইন ভোট, আগাম ভোট বা আরও আধুনিক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামীতে সরকার গঠনের সুযোগ এলে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে সব ধরনের সহায়তা করা হবে। সভাপতি এম এস সেকিল চৌধুরী প্রবাসীদের ভোটাধিকার ও প্রার্থিতা বিষয়ক জটিলতা দূরীকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে, যা হবে জাতীয় নিরাপত্তার রক্ষাকবচ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি সেন্টার আমেরিকা সাপোর্ট গ্রুপের সদস্য সানওয়ার চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ নেন ডেমোক্রেটিক পার্টির নেতা মাফ মিসবাহ উদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক শওকত আলী, শিক্ষাবিদ অধ্যাপক মহসিন পাটওয়ারী, পুলিশ কর্মকর্তা কারাম চৌধুরীসহ কমিউনিটির নেতারা।











