মালয়েশিয়ায় যেতে না পেরে রাজধানীতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার কর্মী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন, যার ফলে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ দেখা দেয়।
বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অংশ যারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে দেশটিতে যেতে পারেননি। ভুক্তভোগী কর্মী মো. কাওসার বলেন, “৫-৬ লাখ টাকা খরচ করে ফেলেছি, যার বেশিরভাগই ঋণ। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।”
আন্দোলনকারীরা মালয়েশিয়ায় দ্রুত পাঠানোর জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা, লিখিত স্মারকলিপি প্রদান এবং ব্যর্থ হলে ক্ষতিপূরণসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।











