চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যুবক মো. সবুজ (৩৬) জীবিকার সন্ধানে দুবাই গিয়েছিলেন পরিবারের স্বপ্ন পূরণের আশায়। কিন্তু বিদেশের মাটিতেই শেষ হলো তার জীবন। সংযুক্ত আরব আমিরাতের আজমানে এক ওমানি প্রবাসীর হাতে খুন হয়ে ফিরলেন তিনি নিথর দেহ হয়ে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সবুজের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে তার গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় করেন বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাতে সবুজ ভাড়া বাড়ির বকেয়া টাকা চাইতে গেলে ওই বাড়ির এক ওমানি বাসিন্দার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেই ব্যক্তি ভারি বস্তু দিয়ে সবুজের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘ এক মাস আইনি জটিলতায় মরদেহ বিদেশেই পড়ে ছিল। সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আনা হয় লাশ।
আরও
সবুজের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা তাকে প্রাণবন্ত ও পরিশ্রমী তরুণ হিসেবে বর্ণনা করেছেন। পরিবারের কাছে তিনি ছিলেন ভরসার একমাত্র অবলম্বন।
মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা সংসার চালাতে কষ্ট করে বিদেশে গিয়েছিল। স্বপ্ন পূরণ করে ফিরবে ভেবেছিলাম, কিন্তু লাশ হয়ে ফিরলো।” স্ত্রী রীমা অসহায় কণ্ঠে বলেন, “আমার ১০ বছরের ছেলে বাবার জন্য কাঁদছে। এখন সে বাবাহারা হয়ে গেলো, আমাদের জীবনে অন্ধকার নেমে এলো।












