অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বল্প সময়ে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রবাসীদের অবদান অপরিসীম। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তারা নিয়মিত দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের অবদান কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, স্বাগতিক দেশগুলোর অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষতা ও পরিশ্রম দিয়ে তারা বহুল চাহিদাসম্পন্ন সেবা দিচ্ছেন, যা উভয় দেশের জন্যই লাভজনক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। তিনি লিখিত বক্তব্যে শ্রম অধিকার সংস্কার প্রসঙ্গে বলেন, একটি স্বাধীন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে।
আরও
তিনি জানান, বাংলাদেশ শ্রম আইন সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নতুন সংশোধনীতে ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
অধ্যাপক ইউনূসের মতে, এসব সংস্কার শ্রমিকবান্ধব পরিবেশ গড়ে তুলবে এবং প্রবাসী ও স্থানীয় শ্রমিকদের অধিকার রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।









