সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার মাগফিরাত কামনা করেন। তিনি দোয়া করে লিখেছেন, আল্লাহ তাআলা শায়খের ভুলত্রুটি মার্জনা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন।
শায়খ আবদুল আজিজ ছিলেন সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন। ইসলামিক ফিকহ, জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত বিশেষ গুরুত্ব বহন করত। তিনি ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতির পদে নিযুক্ত হন এবং দীর্ঘ সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও
গ্র্যান্ড মুফতির দায়িত্বে থেকে তিনি নানাবিধ আইনি ও ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করতেন, যা সৌদি আরবের আদালত ও সামাজিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলত। এছাড়া ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেন তিনি।
২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে দায়িত্ব থেকে অবসর নিলেও তিনি আজীবন ইসলামি শিক্ষা ও দিকনির্দেশনার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে ইসলামি বিশ্ব এক বরেণ্য আলেমকে হারালো।












