সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছিল, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই দাবি অস্বীকার করেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়, তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট ধরনের কর্মকাণ্ডের জন্য অর্থদানের বিষয়টি তার জানা নেই।
তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবে আমাদের সদস্যরা ভালো কাজ করলে আমরা আইনের ভেতরে থেকে বিভিন্নভাবে তাদের উৎসাহিত করি। আর্থিক বা অন্যান্য ধরনের পুরস্কারের ব্যবস্থাও রয়েছে, তবে এটি নির্দিষ্ট কোনো বিষয় বা রাজনৈতিক দলের ওপর ভিত্তি করে নয়।”
আরও
ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন, রাজধানীতে বর্তমানে ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হয়। এর পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার এলওসিসি প্রায় ১২০০ ক্যামেরা স্থাপন করেছে।
মোট মিলিয়ে ২ হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে, যা অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিএমপি বলেছে, ভবিষ্যতে ক্যামেরার আওতা আরও বৃদ্ধি করা হবে, যাতে অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী করা যায়।










