চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খাজা আহমেদ খান (৫৭) ও অভিযুক্ত শাহজালাল খান (৩৮) দু’জনই ওই এলাকার মৃত ওমর খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই শাহজালাল হাতে থাকা হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খাজা আহমেদ দীর্ঘদিন দুবাই প্রবাসে ছিলেন। দেশে ফিরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। অপরদিকে অভিযুক্ত শাহজালালও একসময় প্রবাসে ছিলেন, বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা চালান।
আরও
এ ঘটনায় নিহতের স্ত্রী রুবি আক্তার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যেই শাহজালালসহ তিনজনকে আটক করা হয়েছে।









