সর্বশেষ

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

38 bangladeshis missing in mediterranean sea foundProbashir city Popup 19 03

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নিখোঁজ বরিশালের গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে। তারা বর্তমানে লিবিয়ার একটি কারাগারে আটক আছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দালাল চক্রের সদস্য জাকির বিষয়টি নিশ্চিত করেন।

জাকির জানান, লিবিয়ার বেনগাজি উপকূল থেকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ৭০ জন বাংলাদেশিকে আটক করেছে। এর মধ্যে ৩৮ জন গৌরনদীর বাসিন্দা। আরও ১১ জন ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবক। আটকরা মূলত বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, এ যুবকেরা গত ২৩ আগস্ট ওমরাহ ভিসায় সৌদি আরব যান। সেখান থেকে দালাল চক্রের মাধ্যমে অবৈধ পথে লিবিয়ায় পৌঁছান তারা। ৬ সেপ্টেম্বর সর্বশেষ পরিবারের সঙ্গে যোগাযোগের পর থেকে তারা নিখোঁজ ছিলেন। প্রত্যেকে প্রায় ১৫ লাখ টাকা দিয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন।

লিবিয়ায় আটক যুবকদের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন— বার্থী গ্রামের আমিনুল ইসলাম, রহিম হাওলাদার, অহিদুল হাওলাদার, সুজন খান, সবুজ মোল্লা, বড় দুলালী গ্রামের রাহুল সরদার, শাহ আলী বয়াতী, বাবুল বেপারী, তানভির হোসেন হৃদয়, মাসুদ তালুকদারসহ অন্তত ৩০ জনের নাম শনাক্ত হয়েছে। পরিবারগুলোর অভিযোগ, দালালদের প্রলোভনে পড়ে স্বপ্নের ইতালি যাত্রাই আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

আটকদের স্বজনরা বলেন, সহায়-সম্বল বিক্রি করে ছেলেরা বিদেশে পাড়ি জমিয়েছিল সংসারের অভাব ঘোচাতে। এখন তারা কারাগারে কেমন আছেন তা জানার উপায় নেই। স্থানীয় পুলিশ জানিয়েছে, ফেসবুকে বিষয়টি নজরে এসেছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03