নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাবিবনগর ও ফজুরবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— কাজলী (আইঘরটেকপাড়া), ইমন (খালপাড়), কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে হিজড়া পরিচয়ে মহাসড়কে চাঁদা তুলছিল এবং বিশেষ করে বিমানবন্দর থেকে ফেরা প্রবাসীদের গাড়িকে টার্গেট করত।
আরও
স্থানীয়রা জানান, এসব চাঁদাবাজরা গাড়ি আটকে অর্থ আদায়ের চেষ্টা করত। টাকা না দিলে যাত্রীদের ভয়ভীতি দেখাতো এবং গাড়ি আটকে রাখতো। এতে সাধারণ মানুষ ও প্রবাসীরা চরম ভোগান্তিতে পড়তেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে এ চক্র সক্রিয় ছিল। মানবিক কারণে পুলিশ এতদিন কঠোর ব্যবস্থা নেয়নি। তবে গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের একটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে তারা হামলা চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বুধবার অভিযান চালায়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রবাসীদের ওপর হামলার মামলা দায়ের হয়েছে। বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।












