বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে কুয়েত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেন (১৮)। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে তদন্ত চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা অভিযোগ করেন, হত্যার পর ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। এতে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ডাকাতির সঙ্গে জড়িত হতে পারে।
আরও
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
গ্রামের মানুষ এই নির্মম ঘটনায় আতঙ্কে রয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছে, মামলার অগ্রগতিতে কাউকে ছাড় দেওয়া হবে না।











