সিলেটের দক্ষিণ সুরমায় প্রবাসীর কেনা জমি জবরদখলের উদ্দেশ্যে একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের প্রবাসী আব্দুল মালিক দুলালের স্ত্রী হাজেরা বেগম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
তিনি জানান, ২০২০ সালে সাড়ে ৪ লাখ টাকায় সাড়ে ১৩ শতক জমি কেনেন তারা। দলিলে সাক্ষী ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। কিন্তু পরবর্তীতে ওই ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু বক্কর তাদের জমির একটি অংশ নিয়ন্ত্রণে নেন। এতে বাধা দেওয়ায় হাজেরা বেগম ও তার পরিবারকে একের পর এক মামলা দিয়ে হয়রানি শুরু হয়।
অভিযোগে বলা হয়, দলীয় প্রভাব খাটিয়ে বিক্রেতাকে ভয়ভীতি দেখিয়ে আগের বিক্রির বিষয় অস্বীকার করানো হয়। আদালতে জালিয়াতি করে দলিল ভাঙানো এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে জমি পুনরায় বিক্রির কাগজপত্র তৈরি করা হয়। এমনকি হাজেরা বেগমের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়।
আরও
সংবাদ সম্মেলনে হাজেরা বেগম দাবি করেন, তার স্বামী ও ভগ্নিপতির কায়িক শ্রমে কেনা সম্পত্তি দখলের পাঁয়তারা চলছে। এর মাধ্যমে তাদের এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও ভূমি দখল থেকে রক্ষার জন্য সহযোগিতা কামনা করেন।









