বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরেন।
মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। তিন দিনের সরকারি সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ফিলিস্তিনি বিচারপতি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন তিনি।
আরও
অন্যদিকে, বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. আল-হাব্বাশ। তিনি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশ এই সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।










