ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে গায়ানার নাগরিক এম এস কারেন পেতুলা স্টাফেলের কাছ থেকে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা বলে জানায় কর্তৃপক্ষ।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে নজরদারি চালানো হয়। উড়োজাহাজটি দোহা থেকে ঢাকায় অবতরণের পর সন্দেহভাজন যাত্রীকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাঁর লাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে কোকেন পাওয়া যায়।
আরও
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত দ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের পরীক্ষায় কোকেন হিসেবে নিশ্চিত করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয়তার বিষয়ে আবারও সতর্ক হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তকারীরা ধারণা করছেন, আটক যাত্রী একটি বড় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেন।












