জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় এনে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি সাংবাদিকদের বলেন, তিনি পালিয়ে যাননি বরং স্ত্রীর ছয় মাসের গর্ভধারণের কারণে ভীত ছিলেন। গাড়িতে ওঠার সময় তিনি জানান, বরিশালে দাদার বাড়িতে অবস্থান করছিলেন এবং বাবার গ্রেফতারের পর দাদার কবর জিয়ারত করতেই সেখানে গিয়েছিলেন। তিনি আরও বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন মানুষ তা সবাই জানে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির নাম আসে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই মামলায় ২৫ জনকে নাম উল্লেখ করে এবং আরও অন্তত ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।
আরও
এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।
এর আগে একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।











