টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী লতিফ মিয়া। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন ভোররাত ২টার দিকে তিনি থানায় হাজির হন।
নিহত রোজী বেগম স্থানীয় মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে। পারিবারিক সূত্র জানায়, লতিফ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এ সময় স্ত্রী রোজী বেগম অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দেশে ফেরার পর লতিফ স্ত্রীকে ফেরানোর চেষ্টা করলেও সম্পর্কের টানাপোড়েন কাটেনি। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে।
এরপর রোজী বাবার বাড়িতে চলে যান। গত রোববার পারিবারিক সালিসের মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু পরদিনই স্বামী-স্ত্রীর মধ্যে আবারো ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত লতিফ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রোজীকে।
আরও
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর লতিফ পালিয়ে যান। তবে গ্রেপ্তারের আগে রাতেই থানায় এসে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।










