কুমিল্লার চৌদ্দগ্রামে এক দম্পতির অন্তরঙ্গ ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাইহান মজুমদার, যিনি তিশা প্লাটিনাম পরিবহনের চালক, চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. রানা সদ্য ঘোষিত বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রাম থেকে নাঙ্গলকোটগামী পথে রাইহানের সিএনজিচালিত অটোরিকশা আটগ্রাম-শরিফপুর সড়কে গতিরোধ করে রানা ও তার সহযোগীরা। পরে তাকে একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে মারধর করে, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং রাত তিনটার দিকে ছেড়ে দেয়।
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে ২৫ ও ২৬ জুলাই টাকা ও মোবাইল ফেরত চাইলে রানা পুনরায় খামারে নিয়ে নির্যাতন করে গলায় ছুরি ধরে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তার স্ত্রী-স্বামীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে অজ্ঞাত নাম্বার থেকেও এক লাখ টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
আরও
রাইহান জানান, ঘটনাটি যুবদল নেতা রানার পরিবারের কাছে জানালে তারা মোবাইল ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, রানা এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মারধর, চাঁদাবাজিসহ অন্তত চারটি মামলা রয়েছে।
ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, রানা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও অভিযোগের বিষয়ে তদন্ত প্রয়োজন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












