বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাঁদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে ১২ দফা দাবি উত্থাপন করেছেন। প্রবাসীদের ভাষ্যমতে, তাঁদের রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত।
দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রবাসীর মৃত্যুর পর লাশ বিনা খরচে দেশে পাঠানো, এয়ারপোর্টে ভিআইপি সম্মান, বিমানের টিকিটের দাম কমানো এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া, ১২ বছর প্রবাসে থাকার পর দেশে স্থায়ীভাবে ফেরার সময় অবসর ভাতা প্রদান, প্রবাসী স্মার্ট কার্ড ইস্যু এবং উন্নত চিকিৎসা সেবা প্রবর্তনও দাবির অন্তর্ভুক্ত।
প্রবাসীরা আরও দাবি করেছেন—ভিসার দাম সীমিত রাখতে সিন্ডিকেট ভাঙা, পাসপোর্ট সেবা থেকে দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিত করা, শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ প্রদান, চারটি মোবাইল কাস্টম ফ্রি আনার সুযোগ এবং অন্তত ৪০ ইঞ্চি এলইডি টিভি শুল্কমুক্তভাবে দেশে আনার অনুমতি।
আরও
প্রবাসীরা বলছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শ্রমজীবী জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব আরও জোরদার হওয়া উচিত। এসব দাবি পূরণ হলে তারা শুধু আর্থিক নয়, মানসিকভাবেও অনুপ্রাণিত হয়ে দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন।









