অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই ঢাকায় ফিরে এসেছে। উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পাইলট নিরাপত্তার স্বার্থে অবতরণের সিদ্ধান্ত নেন।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে নির্ধারিত বিজি ৬১৫ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ার কথা ছিল। ড্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজটি দুপুর ২টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রায় ২০ মিনিট আকাশে থাকার পর বিকেল ২টা ৫৫ মিনিটে আবার ঢাকায় অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে। যান্ত্রিক ত্রুটির সঠিক কারণ শনাক্তে টেকনিক্যাল টিম কাজ করছে।
আরও
এর একদিন আগে, একই কারণে ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৫৬ ফ্লাইট বাতিল করা হয়। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়নের কথা থাকলেও, যান্ত্রিক সমস্যার কারণে তা স্থগিত করা হয়।
বর্তমানে উড়োজাহাজটি রোম বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত সমস্যার সমাধান ও নতুন সময়সূচি নির্ধারণের চেষ্টা চলছে।











