রাজবাড়ীর গোয়ালন্দে লিপি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিপি ইরাক প্রবাসী মো. সবুজ সরদারের দ্বিতীয় স্ত্রী এবং একা নির্মাণাধীন একতলা ভবনে বসবাস করতেন।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর তার ঘর থেকে সোনার গহনা, নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পাওনা টাকা চাইতে প্রতিবেশী আখের আলী লিপির বাড়িতে যান। বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি লিপির নিথর দেহ খাটে পড়ে থাকতে দেখেন। পরে তিনি প্রতিবেশীদের ডেকে খবর দেন, যা তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ ঘাট থানায় পৌঁছায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রবাসী সবুজ সরদারের প্রথম স্ত্রী শিরিন আক্তার জানান, তাদের দুই বিয়ে হলেও সম্পর্ক ভালো ছিল। লিপি সম্প্রতি একজনের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন এবং তা শোধ করতে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রেখেছিলেন। এছাড়া ঘরে দামি তিনটি মোবাইল ফোন ও সোনার গহনা ছিল, যা এখন আর পাওয়া যাচ্ছে না।
আরও
সবুজ সরদারের মা আকিরুন নেছা বলেন, বড় বউ তাদের সঙ্গেই থাকেন, আর ছোট বউ লিপিকে আলাদা নতুন বাড়ি করে দেওয়া হয়েছিল। হঠাৎ খবর পেয়ে এসে দেখেন, ঘরে লিপির মরদেহ পড়ে আছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।











