বাংলাদেশের আদালতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (১০ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাল হোসেন পৌতুনদার, যিনি কুদ্দুস রহিম শেখ নামেও পরিচিত। তার বয়স ৩৭ বছর এবং তিনি রাজবাড়ির গোয়ালন্দঘাটের গদ ফেলু মওলাপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, বিদেশি আইন এবং অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় পুলিশ জানায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। বাংলাদেশের আদালত তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর তিনি পালিয়ে ভারতে চলে আসেন। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল বাংলাদেশ পুলিশ।
আরও
তদন্তে জানা গেছে, ২০২৩ সাল থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন। তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার ও প্যান কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পাসবুক এবং বাংলা ভাষায় লেখা একটি গ্রেপ্তারি পরোয়ানা উদ্ধার করা হয়। পুলিশ নিশ্চিত করেছে, এটি বাংলাদেশের আদালতের জারি করা পরোয়ানা।
ভারতীয় তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কীভাবে ও কার সহায়তায় তিনি ভুয়া ভারতীয় পরিচয়পত্র, ভোটার আইডি এবং আধার কার্ড সংগ্রহ করেছিলেন।










