বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। গত ৩ আগস্ট প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেল ১৯৮৪ সাল থেকে নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
তবে সম্প্রতি বোয়েসেলের নাম ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে একটি প্রতারকচক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং যেকোনো প্রয়োজনে সরাসরি বোয়েসেলের অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরও
বোয়েসেল স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা প্রতিনিধি নেই। প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো ফি দিতে হয় না এবং নির্বাচিতদের সব অর্থ ব্যাংক পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হয়। নগদ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য বোয়েসেলের ওয়েবসাইটেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।










