সর্বশেষ

জুলাই আন্দোলনে অবদানের স্বীকৃতি চান প্রবাসীরা

Expatriates seek recognition for contribution to july movementCity ads Investment (1)

জুলাই মাসে দেশে এবং প্রবাসে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস’ (জিবিএএইচআর)। ৬ আগস্ট, বুধবার সন্ধ্যায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে ‘জুলাই ৩৬ : আন্দোলন দেশে দেশে’ এবং ‘চব্বিশের গণ অভ্যুত্থান সিলেট পর্ব : জুলাই-আগস্ট ২০২৪’ নামে দুটি প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বই দুটির সম্পাদক শামসুল আলম লিটন জানান, প্রবাসে অবস্থান করেও যেভাবে বাংলাদেশিরা একত্রিত হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন, তা ছবির মাধ্যমে ও বর্ণনায় বই দুটিতে তুলে ধরা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই আন্দোলন কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল বিদেশেও। প্রবাসীদের ত্যাগ ও অংশগ্রহণের স্বীকৃতি রাষ্ট্রকে দিতেই হবে, যেন ভবিষ্যতে আর কাউকে মুগ্ধর মতো সন্তান হারাতে না হয়।”

জিবিএএইচআরের মুখপাত্র শামসুল আলম লিটন বলেন, “আমাদের আন্দোলন ছিল মানবাধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। প্রবাসীদের এই ত্যাগমূল্য অস্বীকার করা যায় না। আমরা অবদান রেখেছি, এখন সময় হয়েছে তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডাস্ট এসডিআই পরিচালক ড. এহসানুল হক মিলন, নির্বাসিত বিচারক মোতাহার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ, যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী নাশিত রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীতের মাধ্যমে শেষ হয়, যেখানে নকশিকাঁথার গানে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup