হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৯টি হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মজিদ পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগাহাতা গ্রামে এই নাটকীয় ঘটনা ঘটে। পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে এ কৌশলী পালানোর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মজিদকে গ্রেপ্তারের পর নৌকাযোগে থানায় নেওয়ার সময় তাঁর লোকজন বাধা সৃষ্টি করে। এই সুযোগে তিনি নৌকা থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় লাফিয়ে পালিয়ে যান। ঘটনার পরপরই বাগাহাতা গ্রামসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুল মজিদ ৫ আগস্টের ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। তার পালিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা তাকে পুনরায় গ্রেপ্তারে কাজ করছি, পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযানে নেমেছে।”
আরও
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুল মজিদসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। আজ সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হলেও থানায় পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে, যেন পালাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়।













