কুষ্টিয়ার ভেড়ামারায় এক দম্পতির ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্বামীকে বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ ঘটনায় ছয়জনকে আটক করেছে।
শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি সেদিন রাতে বাড়ি ফিরছিলেন, সে সময় কয়েকজন যুবক তাদের পথরোধ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দম্পতিকে পাশের একটি লিচুবাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে মারধর করা হয় এবং তার সামনেই স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
আরও
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তিনি বলেন, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।










