সর্বশেষ

তালাবদ্ধ ঘর থেকে প্রবাসী পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

Burnt body of expatriate recovered from locked houseProbashir city Popup 19 03

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে তালাবদ্ধ একটি কক্ষ থেকে মারুফা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মারুফা ওই গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী।

প্রতিবেশীদের বরাতে জানা গেছে, মারুফা আক্তার একসময় প্রবাসে থাকতেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মিজানুর রহমানকে বিয়ে করেন। আগের সংসারে তার এক ছেলে ও মেয়ে রয়েছে, যারা অন্যত্র বসবাস করে। মিজানুরের সঙ্গে তিনি একটি টিনশেড বাড়ির এক কক্ষে থাকতেন।

শনিবার গভীর রাতে বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় তারা দেখেন ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, মারুফার মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে, শরীরের অনেকাংশ দগ্ধ। ঘরের ভেতরের আসবাবপত্র ও বিছানাও সম্পূর্ণ পুড়ে গেছে।

নিহতের জামাতা আবদুল মোতালেব অভিযোগ করেন, মিজানুর রহমান ভুয়া কাবিননামার মাধ্যমে তার শাশুড়িকে ব্ল্যাকমেল করতেন এবং কিছুদিন আগে তার এক ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন। ঘটনার পর থেকে মিজানুর পলাতক রয়েছেন। পরিবারের দাবি, তিনিই মারুফাকে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতের শরীরে আগুন দেওয়া হয়েছিল এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক মিজানুর রহমানকে আটকের চেষ্টা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03