কেন্দ্রীয় শহিদ মিনারে আজ রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৪টায় দলটির শীর্ষ নেতারা এই ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।
সমাবেশ উপলক্ষে মঞ্চ তৈরির কাজ এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। শহিদ মিনার এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করছেন।
দলটির নেতারা জানিয়েছেন, ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’-এরও দাবি তোলা হবে এই আয়োজনে। বিকেল ৩টা থেকে শুরু হয়ে এই সমাবেশ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও
সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে এনসিপির নেতাকর্মীরা রাজধানীতে এসে জড়ো হচ্ছেন। আয়োজকরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা ও জাতীয় প্রত্যাশার প্রতিফলন তুলে ধরা হবে।
নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সমাবেশ চলাকালীন পুরো এলাকা কঠোর নজরদারির আওতায় থাকবে।











