টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তারেক শামস খান হিমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে তাকে টাঙ্গাইলের নাগরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তারেক শামস খান হিমু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ঈগল’ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তারেক শামস খানের বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর ইমিগ্রেশনে গ্রেপ্তার হন তিনি।
আরও
আটকের পর দিনেই তাকে দুপুর ৩টার দিকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হয় এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া আইনগতভাবেই এগিয়ে নেওয়া হচ্ছে।
তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিছু নেতাকর্মী এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন। বিষয়টি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা চলছে।












