ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় টানা তিন ঘণ্টা তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তবে শেষ পর্যন্ত উড়োজাহাজে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। র্যাবের তদন্তে উঠে এসেছে, এটি ছিল একটি পারিবারিক জটিলতা থেকে জন্ম নেওয়া সাজানো ঘটনা।

র্যাব জানায়, বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে বলে অজ্ঞাত নম্বর থেকে ফোন করা হয়েছিল। পরে ঘটনার অনুসন্ধানে দেখা যায়, এক মা তার ছেলেকে প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না দেওয়ার উদ্দেশ্যে এই ভুয়া তথ্য দেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, “তদন্তে আমরা নিশ্চিত হয়েছি এটি ছিল পরিকল্পিতভাবে ছেলের সফর আটকে দেওয়ার একটি কৌশল। তার মা ছেলের প্রেমিকা সংক্রান্ত বিষয়টি জানার পর বন্ধুর মাধ্যমে ফ্লাইট নম্বর জেনে বোমা সংক্রান্ত ভুয়া ফোন দেন।”
র্যাবের ডিজি আরও জানান, ফোন কলের পর আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী বিমানটি থামিয়ে যাত্রীদের সরিয়ে নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। এতে আতঙ্ক ছড়ালেও নিরাপত্তার স্বার্থে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছিল।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। এই ধরনের মিথ্যা তথ্য সরবরাহ করা দণ্ডনীয় অপরাধ এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি পুনরায় না ঘটে, সে বিষয়ে সতর্কতা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।











