১৮ জুলাই ‘জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে মোবাইল গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা প্রদান করবে দেশের মোবাইল অপারেটররা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ দিন মেয়াদি এই ডেটা সুবিধা পাবেন সব গ্রাহক।
বুধবার (৯ জুলাই) মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক নির্দেশনায় বিটিআরসি জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের সভায় বিষয়টি অনুমোদিত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন ও ডিজিটাল স্বাধীনতার মূল্যায়ন।
আরও
বিটিআরসি জানিয়েছে, প্রতিটি অপারেটরকে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এই অফারের ব্যাপারে আগাম অবহিত করতে হবে। পাশাপাশি, এই কর্মসূচি বাস্তবায়নে যথাযথ প্রস্তুতি ও সহযোগিতাও নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন সরকারের বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দশ দিন পর মোবাইল ইন্টারনেট পুনরায় চালু হয়, আর ব্রডব্যান্ড সংযোগ সীমিত আকারে চালু হয় ২৩ জুলাই।
এই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই জুলাই মাসকে ‘‘পুনর্জাগরণের মাস’’ হিসেবে অভিহিত করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রতীকী এক মিনিটের ব্ল্যাকআউট আয়োজনের পরিকল্পনা করা হলেও, সমালোচনার মুখে তা বাতিল করা হয়।













