যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রেক্ষাপটে বাণিজ্য ঘাটতি কমাতে কৌশলগত উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ, খাদ্যশস্য ও সামরিক সরঞ্জাম আমদানিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের বিমান বহরের অধিকাংশই বোয়িং এয়ারক্রাফট। এ বিষয়ে বোয়িংয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই নতুন কিছু ক্রয়াদেশ দেওয়া হবে।”
সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে ফ্রান্সের এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা থাকলেও বর্তমান সরকার সেটি স্থগিত করে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তুলা ও খাদ্যশস্য আমদানিতেও যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান সচিব।
আরও
তিনি বলেন, “মার্কিন বাজার থেকে সামরিক যানবাহন ও যন্ত্রপাতি আমদানির বিষয়েও আলোচনা চলছে, যদিও এখানে অস্ত্র নয়, বরং সহায়ক সরঞ্জাম বিবেচনায় আনা হচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগের গড় ১৫ শতাংশ শুল্কসহ মোট ৫০ শতাংশে দাঁড়াবে। এতে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে মারাত্মক প্রভাব পড়তে পারে।
বাংলাদেশ এই শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তুলা, গম, সয়াবিন, বিমান ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক রেয়াতের প্রস্তাব দেওয়া হয়েছে। বাণিজ্য সচিব বলেন, “এই প্রস্তাবগুলোর বিষয়ে এনবিআরসহ সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য—মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবাহ ধরে রাখা এবং দেশের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।”











