ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোবাইল চুরি সংক্রান্ত একটি ঘটনার মীমাংসা শেষে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন তাইজুল ইসলাম (৫০) নামের এক কুয়েতপ্রবাসী। সোমবার (৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত তাইজুল দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর পশ্চিমদী এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি দেশে ফিরেছিলেন। নিহতের জামাতা সবুজ মোল্লা জানান, তার নির্মাণাধীন বাড়িতে কর্মরত সাতজন শ্রমিকের মধ্যে দুটি মোবাইল ফোন চুরির ঘটনায় দুই শ্রমিককে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
সবুজ আরও জানান, থানা থেকে ফেরার পথে তিনি ও শ্বশুর একসঙ্গে অটোরিকশায় উঠেছিলেন। তেঘরিয়া স্ট্যান্ডে তিনি নেমে গেলেও তাইজুল একা বাড়ির দিকে রওনা দেন। তবে তিনি রাতে আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর খবর আসে ঝিলমিল এলাকায় তার লাশ পাওয়া গেছে।
আরও
নিহতের স্ত্রী ফাতেমা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।









